সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাতের আঁধারে পঞ্চগড়ের টিনপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ পুড়ে গেছে ৬টি দোকানের সব মালামাল।

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে পঞ্চগড় বাজারের টিনপট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ মিনিট ধরে চলা আগুনে কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকানসহ ৬টি দোকান মালামালসহ পুড়ে গেছে। এছাড়া আরও ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারের ‘ফেন্সি হার্ডওয়্যার’ দোকানে রংয়ের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে আগুনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই বাজারে অসংখ্য মানুষের ভিড় জমে যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

টিনপট্টি এলাকার কীটনাশক ব্যবসায়ী শেখ শামীম পারভেজ বলেন, “আমার দোকানের সামনে কয়েকটি দোকান মুহূর্তেই পুড়ে যায়। এই বাজারে হাজারের বেশি দোকান রয়েছে। আমরা অনেক ভয় পেয়েছিলাম। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের আন্তরিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। তবে যেসব দোকান পুড়ে গেছে, সেসব ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন। তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।”

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হায়াতুন আলম বলেন, “ঐতিহ্যবাহী পঞ্চগড় রাজনগর হাটের এই অংশে অসংখ্য কাপড় ও জুতার দোকান রয়েছে। আগুন আর একটু গভীর রাতে লাগলে পুরো বাজার রক্ষা করা যেত না। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আল্লাহর রহমতে বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি। যেসব দোকান পুড়েছে, সেখানে কয়েক কোটি টাকার পণ্য ছিল।”

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। আমাদের রিজার্ভ পানি এবং পৌরসভার রিজার্ভ ট্যাংক থেকে পানি নিয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন