স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গা, ২৫ মার্চ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহরকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে এ কর্মসূচি শুরু হয়।
পৌরসভার সার্বিক সহযোগিতায় ১২টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও অবৈধ দখল উচ্ছেদে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ড্রেন পরিষ্কার ও সড়কের পাশে থাকা বর্জ্য অপসারণের কাজও করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ এবং সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ জনগণকে ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গাকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতেই এ ধরনের ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে যত্রতত্র ময়লা না ফেলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
১৫১ বার পড়া হয়েছে