সর্বশেষ

সারাদেশ

ঈদে রংপুর সরকারি চিড়িয়াখানা, বাস রির্জাভ করে আসছেন বিভিন্ন জেলার মানুষ

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রংপুর সরকারি চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন চিড়িয়াখানায়, বিশেষ করে শিশুদের আনন্দ দিতে।

নগরীর ইসলামপুর হনুমানতলা এলাকায় ২৬ একর জায়গাজুড়ে অবস্থিত এই চিড়িয়াখানায় বাঘ, সিংহ, জলহস্তি, হরিণ, বানরসহ প্রায় ২০০ প্রজাতির পশুপাখি রয়েছে। ঈদের ছুটিতে এসব প্রাণী দেখতে ভিড় জমিয়েছেন সব বয়সী মানুষ। প্রবেশপথে দীর্ঘ লাইন, ভেতরেও তিল ধারণের জায়গা নেই—তবুও দর্শনার্থীদের আগ্রহে ভাটা নেই।

সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানায় প্রবেশের আগেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ লাইন এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশে বাস ও মাইক্রোবাসের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই বিভিন্ন জেলা থেকে বাস রিজার্ভ করে দলবেঁধে এসেছেন।

চিড়িয়াখানার ভেতরে রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে ছিল সবচেয়ে বেশি ভিড়। সম্প্রতি জন্ম নেওয়া বাঘের দুটি শাবকের ছোটাছুটি শিশুদের দারুণ আনন্দ দিয়েছে। এছাড়া সিংহ, ভল্লুক, হরিণের পাল, জলহস্তি, বানরের কাণ্ডকারখানা ও ময়ূরের পাখা মেলা দর্শনার্থীদের মুগ্ধ করেছে।

পঞ্চগড় থেকে আসা হারুন দম্পতি জানান, ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে পশুপাখি দেখাতে এসেছেন। তারা একটি মিনিবাস ভাড়া করে ২০টি পরিবার একসঙ্গে ঘুরতে এসেছেন। ঠাকুরগাঁও থেকে আসা আফজাল হোসেন বলেন, তার মেয়ে বাঘ ও জলহস্তি দেখে খুব আনন্দ পেয়েছে।

এছাড়া পীরগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকেও বিপুল সংখ্যক মানুষ চিড়িয়াখানায় এসেছেন। দর্শনার্থীরা জানান, এবারে চিড়িয়াখানার পরিবেশ আগের তুলনায় পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়েছে। নতুন প্রজাতির পশুপাখি সংযোজন ও শিশু পার্কের রাইডগুলো শিশুদের বাড়তি আনন্দ দিচ্ছে।

চিড়িয়াখানার ইজারাদার সোহরাব হোসেন জানান, দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের হয়রানি এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. ওমর ফারুখ বলেন, ঈদকে কেন্দ্র করে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে। শিশুদের নির্মল আনন্দ দিতে নতুন প্রাণী সংযোজন ও শিশু পার্কে নতুন রাইড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন