পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি খোরশেদ সিকদারকে ঘিরে লাঠি ও চেয়ার দিয়ে মারধর করছে। ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ সদস্য হামলা থামানোর চেষ্টা করলেও হামলাকারীদের নিবৃত্ত করতে ব্যর্থ হন।
পুলিশ জানায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে শালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সংঘর্ষে গুরুতর আহত হন খোরশেদ সিকদার। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রাতে বিষয়টি জানানো হয়।
বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল পুলিশ। তবে কেন হামলাটি ঠেকানো সম্ভব হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।
মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘর নির্মাণের মজুরি বাবদ প্রায় ৫০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
১৩২ বার পড়া হয়েছে