রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, পূর্বশত্রুতার অভিযোগ
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী গ্রামের দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাব্বির মোহনপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামের আলমগীরের ছেলে। তিনি স্থানীয়ভাবে সবজি ও মুদির দোকান পরিচালনা করতেন। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন খান জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম জানা গেছে। তাদের সঙ্গে সাব্বিরের পূর্ব শত্রুতা ছিল বলে ধারণা করা হচ্ছে। এর জের ধরেই তাকে ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১০৪ বার পড়া হয়েছে