সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ-এর ভাই আ.লীগ নেতা আব্দুল হক নুরু আর নেই
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ-এর ছোট ভাই, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি মিঠামইনের “মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ”-এর প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সাহসী ভূমিকা পালনের পাশাপাশি নিজ এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাতিজা মো. মতিন মিয়া জানান, প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ পাঁচ দিন লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি আরও জানান, সোমবার (২৩ মার্চ) সকালে তার মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে নেওয়া হবে। বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
২০৭ বার পড়া হয়েছে