সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ১০ গ্রামে আগাম ঈদ উদযাপন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০টি গ্রামের মুসল্লিরা প্রতিবছরের মতো এবারও একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও শেষ করার ঐতিহ্য ধরে রেখে শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই এসব গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বেলা ১০টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোয়ালমারীর সহস্রাইল দায়রা শরীফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে। ধর্মপ্রাণ মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন, যেখানে দেখা যায় ভিন্নধর্মী ধর্মীয় চর্চার প্রতিফলন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারীর শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলি ও গঙ্গানন্দপুরসহ অন্তত ১০টি গ্রামের কিছু মানুষ বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। একই ধারাবাহিকতায় তারা একদিন আগে ঈদ উদযাপন করেন। এছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা ও ইছাপাশা গ্রামের কিছু মুসল্লিও এ জামাতে অংশ নেন।

এ বিষয়ে সহস্রাইল দায়রা শরীফের সমন্বয়কারী মো. মাহিদুল হক জানান, “আমরা চট্টগ্রামের মির্জাখিল শরীফের অনুসারী। সেখানকার সিদ্ধান্ত এবং সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে আমরা রোজা ও ঈদ উদযাপন করে থাকি। সে অনুযায়ী এবারও আমরা একদিন আগে ঈদ পালন করেছি।”

ঈদের নামাজে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এটি নতুন কোনো ঘটনা নয়; বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি ধর্মীয় রীতি। শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি, এই এলাকার কিছু মানুষ আগাম রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। এটি তাদের দীর্ঘদিনের বিশ্বাস ও অনুসরণের অংশ।”

তবে দেশের অন্যান্য অঞ্চলে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপনের প্রচলন থাকলেও, আগাম ঈদ পালন নিয়ে মাঝে মাঝে আলোচনা-সমালোচনাও দেখা যায়।

এদিকে আগাম ঈদ উদযাপনকে ঘিরে এসব গ্রামে ছিল আনন্দঘন পরিবেশ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে দিনটি উদযাপন করেন উৎসবের আমেজে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন