গোপালগঞ্জে জমিজমা বিরোধে হামলা, একই পরিবারের ৪ নারীসহ আহত ৬
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ নারী সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার মহুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—তারাশী গ্রামের বিষ্ণুপদ দাস (৪৫), তার স্ত্রী মুক্তা দাস (৩০), মেয়ে সুস্মিতা দাস (১৫), বোন লিজা দাস (২৫), পরিমল দাস (৬৫) ও রেনু রানী দাস (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাশী গ্রামের বিষ্ণুপদ দাসের সঙ্গে একই গ্রামের দিদার দাড়িয়া ও তার ভাতিজা সুমন দাড়িয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দিদার দাড়িয়া, তার ভাতিজা ও তাদের সহযোগীরা বিষ্ণুপদ দাসের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করে এবং পরিমল দাস ও রেনু রানী দাসকে মারধর করে আহত করে।
পরদিন শুক্রবার বিকেলে বিষ্ণুপদ দাস ও তার পরিবারের সদস্যরা থানায় যাওয়ার পথে মহুয়ার মোড়ে পৌঁছালে আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এতে বিষ্ণুপদ দাস, তার স্ত্রী, মেয়ে ও বোন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত মুক্তা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত বিষ্ণুপদ দাস অভিযোগ করে বলেন, একটি জমি কেনার পর থেকেই প্রতিপক্ষরা ওই জমিসহ তার অন্যান্য জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। বাধা দিলে তারা প্রায়ই হামলা ও নির্যাতন চালাত। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার জন্য যাওয়ার পথেই তাদের ওপর আবার হামলা করা হয়।
অভিযোগের বিষয়ে দিদার দাড়িয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
১৩১ বার পড়া হয়েছে