ঈশ্বরগঞ্জে ৪ বছরের শিশুর মরদেহ মাটির চুলা থেকে উদ্ধার, বাবা ও ছেলে গ্রেফতার
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়া ৪ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের মরদেহ মাটির চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় সন্দেহে একই পরিবারের বাবা ও ছেলে গ্রেফতার হয়েছেন।
নিহত মরিয়ম সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শিশু মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও পরিবারের লোকেরা তার সন্ধান পাননি। পরে ইফতারের আগমুহূর্তে বাড়ির পাশে থাকা মাটির চুলার ভেতর তার মরদেহ পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেওয়ার সময় তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার সাদ্দাম মিয়া (৩৫) ও তার ছেলে ইয়াসিন মিয়া (১৬)-কে গ্রেফতার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং নৃশংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা এবং পুরো মারুয়াখালি গ্রামে শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৩২ বার পড়া হয়েছে