গোপালগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলা: নারীসহ আহত ১০, অগ্নিসংযোগ ও লুটপাট
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় একটি বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শেখ রুহুল আমীন (৮০), তার স্ত্রী আকিরুন্নেছা বেগম (৬৫) এবং তাদের দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম (৩৮) ও সবুজ শেখ (৩২)-কে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের শেখ রুহুল আমীনের সঙ্গে জাকারিয়া শেখ জাকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাকারিয়া শেখ জাকির, তার চাচাতো ভাই জালাল শেখ এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমীনের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে রুহুল আমীন, তার স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের সদস্যদের আহত করে। একই সঙ্গে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে এবং ঘর থেকে মালামাল লুটপাট করে। এছাড়া একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত শেখ রুহুল আমীন অভিযোগ করে বলেন, ইফতারের আগমুহূর্তে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। কারণ জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায়। এর আগেও তারা হামলা করেছিল বলে দাবি করেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
১১৭ বার পড়া হয়েছে