সর্বশেষ

সারাদেশ

বোয়ালমারী পৌরসভার সচিব ও প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুজ্জামান সিকদার ও নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ইমামদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বোয়ালমারী উপজেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নাজ ক্যাবল অপারেটরের স্বত্বাধিকারী আব্দুস সামাদ খানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বোয়ালমারী ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি এবং বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ (বাইতুল হামদ)-এর পেশ-ইমাম মাওলানা হোসাইন আহমাদ অভিযোগ করেন, ঈদ উপলক্ষে প্রতিবছর পৌরসভা থেকে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত অর্থ প্রদান নিয়ে সচিব ও নির্বাহী প্রকৌশলী নানা টালবাহানা ও গড়িমসি করছেন। এমনকি ভবিষ্যতে এ ধরনের অনুদান বন্ধ করারও হুমকি দিয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অতীতে পৌরসভার মেয়রগণ নিয়মিতভাবে এই অনুদান দিয়ে ধর্মীয় নেতাদের সম্মানিত করে আসলেও বর্তমান প্রশাসনের অধীনে সেই ধারা ব্যাহত হচ্ছে। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান পূর্বের প্রথা বজায় রাখতে আগ্রহী, তবুও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার কারণে জটিলতা তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আ. সামাদ খান অভিযোগ করেন, মশা নিধন কার্যক্রমে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, ৬ লাখ টাকার ওষুধ ক্রয় দেখিয়ে ১৩ লাখ টাকার বিল করা হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্বাহী প্রকৌশলীর কাছে ১ শতাংশ উৎকোচ ছাড়া কোনো ফাইল এগোয় না বলেও অভিযোগ তোলেন তিনি।

বক্তারা আরও অভিযোগ করেন, মেয়র ও কাউন্সিলর না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের কর্তৃত্বপূর্ণ অবস্থানে থেকে সাধারণ মানুষকে সম্মান দিচ্ছেন না। এমনকি ইমামদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকেও অংশ কেটে রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইমামরা দ্রুত অভিযুক্তদের অপসারণের দাবি জানান। অন্যথায় ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন দক্ষিণ কামারগ্রাম পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুল হক, দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন, কামারগ্রাম বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের ইমাম মাওলানা আ. আহাদ, পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের (ওয়াপদা) ইমাম মুফতি আবুল হাসান এবং বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুফতি তৈয়বুর রহমান।

এ সময় পৌরসভার বিভিন্ন মসজিদের প্রায় ৫০ থেকে ৬০ জন ইমাম উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন