ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ, ফরিদপুরে চাঞ্চল্য
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন সরকার ওই গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে। তিনি পেশায় একজন সেলুনকর্মী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সুজন বাড়ির পাশের একটি সেলুনে কাজ করছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এ সময় তিনি বাড়ির পাশের ধানক্ষেতে জমে থাকা পানি ধরে রাখার জন্য বাঁধ ঠিক করতে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে সুজনের বাবা কৃষ্ণ সরকার খুঁজতে বের হয়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ পূর্বে রেললাইনের পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয় এবং মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মধুখালী থানার এসআই রুস্তম ও এসআই কৃষ্ণ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২০ বার পড়া হয়েছে