চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন সমর্থন করবো না : নাসীরুদ্দীন
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে চাঁদপুর জেলা।
তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি। নদী রক্ষা না হলে আশপাশের জেলাগুলোও ঝুঁকির মধ্যে পড়বে। তিনি আরও বলেন, নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতবাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে এলাকার মানুষ ছিন্নমূল হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হবে। এ পরিস্থিতি এড়াতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এনসিপি সদর উপজেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন সময় এসেছে সবাইকে প্রতিশ্রুতি দেওয়ার—কেউ আর অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করবে না এবং নদীকে সম্মান করবে। কারণ এই নদীর সঙ্গে মানুষের জীবিকা জড়িত। নদী বেঁচে থাকলে মানুষও বেঁচে থাকবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একসময় চাঁদপুর ব্যবসা-বাণিজ্যের জন্য সুপরিচিত ছিল। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা জেলার উন্নয়নে যথাযথ গুরুত্ব দেননি। আগে যেমন শিক্ষামন্ত্রী ছিলেন, এখনো আছেন; কিন্তু চাঁদপুরের শিক্ষার মান কাঙ্ক্ষিতভাবে উন্নত হয়নি। তিনি চাঁদপুর সরকারি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সবার দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা ভোট পেয়ে ঢাকায় গিয়ে মন্ত্রী হওয়ার পর যেন চাঁদপুরকে ভুলে না যান। তাদের উচিত বারবার নিজ এলাকায় ফিরে এসে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করা। তিনি শিক্ষা ব্যবস্থায় দলীয়করণের সমালোচনা করে বলেন, বর্তমানে এমন একটি ধারা তৈরি হয়েছে—কোনো দলের পদে থাকলে ভিসি হওয়া যায়, নির্বাচনে পরাজিত হলেও জেলা পরিষদের চেয়ারম্যান হওয়া যায়। অথচ আগে ‘কোটা না মেধা’ নিয়ে আন্দোলন হয়েছিল, কিন্তু এখনো কোটাভিত্তিক নিয়োগ চলছে। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রসঙ্গেও সমালোচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, যা প্রতিহত করতে হবে। কারও যদি তাদের প্রতি অনুরাগ থাকে, তবে তিনি যেন ভারতে অবস্থানরত শেখ হাসিনার কাছে চলে যান।
এনসিপির এই নেতা আরও বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে—সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে যারা ভুয়া পরিচয়ে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তরের আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো: মাহবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান এবং সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন।
এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে