বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা এমপি সরোয়ারের
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিকদের সুনাম সারা বিশ্বজুড়ে রয়েছে এবং তাদের লেখনীর মাধ্যমেই দেশের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনগণ অবহিত হয়।
রবিবার (১৫ মার্চ) নগরীর বরিশাল ক্লাবের দ্বিতীয় তলার গোলাম মাওলা কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পটভূমি পরিবর্তনে তাদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সৎ নেতৃত্বের প্রয়োজন রয়েছে এবং সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, এনপিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী।
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিঙ্কুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
১১৬ বার পড়া হয়েছে