নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এই নিয়ে গত ২৪ ঘন্টায় নরসিংদীর পৃথকস্থান থেকে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
গত শনিবার সকালে শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার (১৫ মার্চ) সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
শিশুটির মা সুমি আক্তার বলেন, শনিবার সকালে বাড়ি থেকে আমার ছেলে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখোজি করেও পাইনি। আজকে সকালে প্রতিবেশির ছাদে তার মরদেহ পাই। আমাদের কোন শত্রু নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশের সুরতাল রিপোর্টে কাজ শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে নরসিংদী সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে মাহাবুব (৩৭) নামে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহাবু্ব সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং একজন পেশাদার প্রাইভেটকার চালক ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, বেশকদিন ধরেই একটি প্রাইভেটকার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহাবুব। গতকাল রাতেও দেড় লক্ষ টাকাসহ রজব আলী, লিডার দিপু, শাওনসহ কয়েকজনের সাথে বের হয়েছিলেন। তবে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতেই পু্লিশের সহায়তা নিলেও খোঁজ মেলেনি তার। পরে সকালে সদর উপজেলার বাগহাটা খিদিরপুর এলাকার একটি টেক থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এসময় তার সাথে থাকা দেড়লক্ষ টাকাসহ তিনটি মোবাইল ফোন পাওয়া যায়নি।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, দুটি ঘটনা সম্পর্কেই পুলিশ অবগত আছে। ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনে কাজ করছে পুলিশ।
১১৭ বার পড়া হয়েছে