রূপগঞ্জে মধ্যরাতে পুলিশের অভিযান
বিপুল মাদক উদ্ধার, সম্পৃক্ততার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ভোর ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে প্রায় দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণের তথ্যের ভিত্তিতে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ও ইরিখেত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫ বস্তা গাঁজা ও তিন শতাধিক বোতল ফেনসিডিলসহ বস্তার পর বস্তা মাদক উদ্ধার করা হয়।
অভিযানের সময় পৃথক অভিযানে দুইজনকে একটি ম্যাগাজিনসহ পিস্তল, মাদক বহনকারী একটি প্রাইভেটকার এবং চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ পুলিশের কাছে তথ্য দিয়ে সহায়তা করছেন। এতে করে মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, গত দুই সপ্তাহে রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।
এএসপি মেহেদী ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে মাদকের অন্যান্য স্পটেও অভিযান পরিচালনা করা হবে।
১২০ বার পড়া হয়েছে