ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে নগরজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি সাধারণত ‘রোকন’ নামে বেশি পরিচিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, কঠিন সময়ে মাঠে থেকে সবসময় দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য রোকনুজ্জামান সরকারকে সবাই ভালোবাসেন। বিপদ-আপদে দলের নেতাকর্মীরা প্রথমেই তাকে খুঁজে পান। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনুষ্ঠিত ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ছাত্রজীবনে রোকনুজ্জামান সরকার ময়মনসিংহ কমার্স কলেজের ভিপি এবং জিএস নির্বাচিত ছিলেন। পরবর্তীতে তিনি ছাত্র রাজনীতির পথ ধরে ময়মনসিংহ জেলা ছাত্রদল এবং যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, একজন ত্যাগী ও সৎ নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
১১২ বার পড়া হয়েছে