নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর স্বশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার দুপুর ১২টায় নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আরিফা খাতুন, আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলী।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন বাড়ির পাশের বেড়ি বিলে পটলের জমিতে কাজ করতে যান। দুপুরে কাজ শেষে তিনি শ্বশুড় বাড়িতে খাওয়া শেষ করে পুনরায় বিলে ফিরে যান।
বিকেল শেষে মোবারক বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজন বিলে খোঁজাখুঁজির শুরু করেন। সন্ধ্যার পর তারা বিলের মধ্যে মোবারক হোসেনকে হাত-পা পাট দিয়ে বাধা অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
ঘটনার পর মোবারক হোসেনের স্ত্রী মোছাঃ রানী বেগম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ আদালতে প্রতিবেদন দাখিল করে।
প্রায় ছয় বছর দীর্ঘ মামলার স্বাক্ষ্য গ্রহণের পর আদালতের বিচারক আজ অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদি পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
১৩০ বার পড়া হয়েছে