গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে সুমন আহমদ (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় পোল্ট্রি ফার্মের মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নারায়ণপুর তৃতীয় খণ্ড এলাকার একটি পোল্ট্রি ফার্মে সুমন আহমদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত সুমন আহমদ পার্শ্ববর্তী বানিগ্রাম এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকালে নিহতের মুখ বাঁধা ছিল এবং তাকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের পাশেই নতুন করে একটি গর্ত বা কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। এতে স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহটি গোপনে মাটিচাপা দেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।
ঘটনার পর গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পোল্ট্রি ফার্মের মালিক মুস্তাকিম আলীকে আটক করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও মুস্তাকিমের ভাই আশফাককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, “সুমন হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত আশফাক বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে। তাকে দ্রুত থানায় হস্তান্তর করা হবে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১০৬ বার পড়া হয়েছে