মোংলায় মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার এক নেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ওই নেত্রীর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে মোংলা থানার চিলা বাজার সংলগ্ন একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে ওই বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সময়ে মাদক কারবারের অভিযোগে অভিজিৎ পাড়ই শান্ত (শান্ত পাড়ই) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে।
এলাকাবাসী জানায়, আটক অভিজিৎ পাড়ই শান্ত মোংলা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস (লিথি)-এর স্বামী। অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতে উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে তানিয়া বিশ্বাস লিথি বলেন, তাদের বাড়ি থেকে বিদেশি মদ উদ্ধারের ঘটনা সত্য। তবে এসব মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তার স্বামীর পরিচিত এক ব্যক্তি মদগুলো সাময়িকভাবে তাদের বাড়িতে রাখার জন্য দিয়েছিলেন। তবে ওই ব্যক্তির নাম তিনি প্রকাশ করেননি।
মোংলা থানা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধী কোনো দলের নয়। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলীয়ভাবে বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস নোটে জানান, অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১২৫ বার পড়া হয়েছে