খুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে শুক্রবার (১৩ মার্চ) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে খুলনা মহানগর ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, খুলনা সনাতন জাগরণী মঞ্চ, ছাত্র ও যুব ঐক্য পরিষদসহ প্রায় ৪১টি সংগঠন অংশগ্রহণ করে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নির্যাতন রুটিনে পরিণত হয়েছে। এর ধারাবাহিকতায় ভোলা, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা ও ফেনীতে বিভিন্ন হত্যাকাণ্ড, ধর্ষণ, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তারা জানান, এসব ঘটনার বিচার না হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হচ্ছে।
এছাড়া নেতৃবৃন্দ বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটকপ্রতিবাদ করে তার মুক্তি দাবি করেন। তারা বলেন, বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে পূর্ণ নিরাপত্তা দেওয়ার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বর বিজয় কুমার ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশান্ত কুমার কুন্ডু, রতন মিত্র, সমর কুমার কুন্ডু, সুখময় বিশ্বাস, প্রশান্ত হালদার, বিশ্বজিত দে মিঠু, প্রশান্ত কুমার দাসসহ বহু নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিকচার প্যালেস মোড়ে এসে কর্মসূচি শেষ করেন।
১৪০ বার পড়া হয়েছে