দুবাইয়ে বিকট বিস্ফোরণ, আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র দুবাইয়ের মধ্যাঞ্চলের আকাশে বিশাল ধোঁয়ার মেঘ দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখতে কৌতূহলী মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় জমালেও পুলিশ সাংবাদিক ও সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দেয়।
এদিকে দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনে পড়ে সামান্য ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়া শহরের বিখ্যাত পালতোলা আকৃতির Burj Al Arab হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে।
১৩০ বার পড়া হয়েছে