সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি মসজিদে ঢুকে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষ গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, বুধবার বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ইয়াগুল গ্রামের বাসিন্দা চেরাগ আলীর ছেলে আরিফ আহমদ ও তার ভাই রেহাল আহমদ ইয়াগুল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আফজল হোসাইনকে তাদের বাড়িতে ইফতারে দাওয়াত দেন। তবে ইমাম ব্যক্তিগত কারণে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আরিফ আহমদ ক্ষিপ্ত হয়ে মসজিদে ঢুকে ইমামের ওপর হামলা চালায় এবং তাকে হেনস্তা করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ইয়াগুল গ্রামের ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত আরিফ আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোলাপগঞ্জ ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত রেহাল আহমদকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিক আহমদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে