সিলেটের জৈন্তাপুরে অভিযান: দুই কিশোর আটক, ৭৬ বোতল বিদেশি মদ উদ্ধার
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৫:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে দুই কিশোরকে আটক করে ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজার এলাকায় একটি পরিত্যক্ত শাটারভাঙা দোকানে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান খান এবং তার নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স।
আটকরা হলেন—মারুফ (১৯), রাংপানি গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং রাব্বি (১৮), একই গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তাদের কাছ থেকে ৭৬ বোতল ‘রয়েল স্টেগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মদ পাচারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয় স্বীকার করেছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের আদালতে সোপর্দ করবে।”
১০৫ বার পড়া হয়েছে