নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অ্যাডভোকেট আহমেদ আযম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পান ৭৬ হাজার ৪৪৮ ভোট।
এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি। ওই দুই নির্বাচনে তিনি পরাজিত হন যথাক্রমে অনুপম শাহজাহান জয় এবং জোয়াহেরুল ইসলাম-এর কাছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি তাদেরকেও শপথ পাঠ করান।
সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন না। ফলে মন্ত্রিসভায় সৃষ্ট শূন্যতা পূরণে সরকার নতুন মন্ত্রী হিসেবে আহমেদ আযম খানকে দায়িত্ব দিয়েছে।
১২৯ বার পড়া হয়েছে