চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাবের বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০.২৫ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-১ রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১২ মার্চ) গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুনগোলা কেডিসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক মাদক কারবারিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় আসামির শয়নকক্ষ তল্লাশি করে বিছানার তোষকের নিচ থেকে মাদক উদ্ধার করা হয়। অভিযানের সময় তার স্ত্রী মোসা. আমনা বেগম (৪০) এবং ছেলে মো. হিমেল (২০) বাড়িতে উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে র্যাব জানায়। উদ্ধারকৃত আলামতসহ তাকে পরে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৫ আরও জানায়, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৩০ বার পড়া হয়েছে