খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনায় সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিত করতে অভিযোজন পরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় নগরীর রূপসা আভা সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
প্রকল্পটি খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়নের কালাবগী, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরপুর এবং উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ি এলাকায় বাস্তবায়িত হয়েছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো লবণাক্ততা ও দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই জীবিকা নিশ্চিত করা। এর আওতায় নোনা জল সহিষ্ণু কৃষি, বাড়ির আঙিনায় সবজি চাষ, মাছ, কাঁকড়া ও চিংড়ি চাষ, মধু ব্যবসা, হাঁস-মুরগি ও ছাগল পালনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ব্যবসা, দর্জি কাজ, সিট কাপড় ব্যবসা, মোমবাতি উৎপাদন, মুদি দোকান, চায়ের স্টল, ফার্নিচার ব্যবসা এবং হস্তশিল্পের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরণের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম।
দ্বিতীয় সেশনে আলোচনায় অংশ নেন সুন্দরবন একাডেমির পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ আনারুল কাদির, সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান এবং জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। উত্তরণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন হাসান আব্দুল্লাহ রাফাত।
বক্তারা বলেন, উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে নারীরা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন। জলবায়ু ঝুঁকিতে সরাসরি ক্ষতিগ্রস্ত নারীরা অভিযোজনমুখী জীবিকা পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে কাজ করছেন।
প্রকল্পটিতে ৪০টি নারী দল সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে এবং প্রায় ৯২৫ জন নারী জলবায়ু সহনশীল ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করেছেন।
এই কার্যক্রমের নির্দেশনা ও তদারকির জন্য একটি স্থানীয় প্রকল্প পরামর্শ কমিটি গঠন করা হয়েছে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারক, গবেষক, বিশেষজ্ঞ, সাংবাদিক ও উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তারা এ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।
১৪৬ বার পড়া হয়েছে