অফিস খোলা থাকলেও নির্ধারিত সময়ে কর্মস্থলে নেই শেরপুর সদর এসিল্যান্ড
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নির্ধারিত সময়ের পরে অফিসে আসা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৮ মিনিটে তাকে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে আসতে দেখা যায়।
বুধবার সকাল ৯টা থেকে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে অবস্থান নেন গণমাধ্যমকর্মীরা। এ সময় দেখা যায়, অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হয়েছেন। তবে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি সকাল ৯টা ৪৮ মিনিটে অফিসে প্রবেশ করেন।
এ বিষয়ে জানতে সকাল ৯টা ২১ মিনিটে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে ভূমি অফিসের কয়েকজন কর্মচারী জানান, সহকারী কমিশনার (ভূমি) সরকারি কাজে বাইরে রয়েছেন।
পরে সকাল ৯টা ৪৮ মিনিটে অফিসে এসে ইশতিয়াক মজনুন ইশতি বলেন, তিনি সরকারি একটি তদন্ত কাজে বাইরে ছিলেন। তিনি বলেন, “আমি একটি সিআর আমলি মামলার তদন্তে সদর উপজেলার মুচারের চর এলাকায় গিয়েছিলাম। আগে বের হলেও দুর্ভাগ্যবশত দেরি হয়ে গেছে।”
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ২ মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই পরিপত্রে সরকারি দপ্তরগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
১৩৯ বার পড়া হয়েছে