শরীয়তপুরে ৭ মার্চে মোমবাতি প্রজ্বলন: আওয়ামী লীগের ভিডিও ভাইরাল
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষে শরীয়তপুরে রাতের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শরীয়তপুর জেলা সদরের একটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের জেলা শাখার ব্যানারে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, উপস্থিত অনেক নেতাকর্মী মুখে মাস্ক পরে ছিলেন। তারা মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবুর রহমান–এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ শ্রমিক লীগ ও বাংলাদেশ সেবক লীগ–এর বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় উপস্থিতদের।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “আমরা গতকাল রাত তিনটা পর্যন্ত টহল দিয়েছি। এ ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি এবং এ বিষয়ে কোনো তথ্যও পাইনি। তবে এটি পুরোনো ভিডিও হতে পারে, যা নতুন বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।
১০৬ বার পড়া হয়েছে