পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে আসছে। এই হুমকির প্রেক্ষিতে দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করেছে। এ সময় ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজনে তা নির্মূলের প্রস্তুতি গ্রহণ করছে।
একই সঙ্গে কিছু গণমাধ্যমে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবরও প্রকাশিত হয়েছে।
আজ শনিবার সকালে তেহরানের পাঁচটি স্থানে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই হামলাগুলো এমন লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে যা ইসরায়েল এবং অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে হামলা অব্যাহত থাকবে। আকাশ ও সমুদ্রপথের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুতে ছিল দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসির (IRGC) ইন্টেলিজেন্স ডিরেক্টরেট এবং তেহরানের কেন্দ্রস্থলের গুরুত্বপূর্ণ কিছু স্থান। হামলার প্রতিবাদে ইরান তাদের আকাশসীমা বন্ধ করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে তেহরানে নেই। একজন ইরানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, তাকে একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস ধরে তৈরি ছিল এবং চূড়ান্ত সূচি কয়েক সপ্তাহ আগে নির্ধারণ করা হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে