কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি ছানা রেখে একটি মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের গৃহিণী নাসরিন নাহার প্রায় ছয় থেকে সাত বছর ধরে কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করছিলেন। স্নেহ করে তিনি কুকুরটির নাম রেখেছিলেন ‘টমি’। প্রায় এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়।
অভিযোগে নাসরিন নাহার বলেন, দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অভিযোগ তুলে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন এবং পরে মাটিচাপা দেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তার মেয়ে ইলাকেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
মা কুকুরটিকে হারিয়ে ছয়টি ছানা বর্তমানে অসহায় অবস্থায় এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে বলে জানান স্থানীয়রা।
তবে এ বিষয়ে অভিযুক্ত নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মকরুফ বিল্লাহ খান বলেন, অবুঝ প্রাণীকে পিটিয়ে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করা হবে।
১২২ বার পড়া হয়েছে