পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনের জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে সেই কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি জাতীয় কমিশন গঠিত হয় এবং তাদের প্রতিবেদন বর্তমান সরকারের কাছে এসেছে।
তিনি জানান, ওই প্রতিবেদনে ৭০টির বেশি সুপারিশ রয়েছে। আগের সরকার সেগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলেও বর্তমান সরকার ধাপে ধাপে সুপারিশগুলো কার্যকর করবে।
শহীদ পরিবারগুলোর প্রতি আশ্বাস জানিয়ে মন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। তার ভাষ্য, এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে।
১১৬ বার পড়া হয়েছে