ফরিদপুরে ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও আশপাশে অভিযান পরিচালনা করা হয়। ডিবি (ভাঙ্গা জোন)-এর অফিসার ইনচার্জ পি.এম. মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে প্রথমে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তারা সবাই ফরিদপুর সদর কোতয়ালী থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আশিকুর রহমান রাহাতের কাছ থেকে ২০টি প্যাকেটে ৪ হাজার পিস ইয়াবা, সুমন মৃধার কাছ থেকে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮০০ পিস এবং খোলা অবস্থায় ১০০ পিস উদ্ধার করা হয়। এছাড়া মিরাজুল ইসলামের কাছ থেকে ১৬টি প্যাকেটে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি (ভাঙ্গা জোন)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা পি.এম. মামুনুর রশিদ জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সাধারণ জনগণকেও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের মাধ্যমে মাদক সরবরাহের বড় কোনো নেটওয়ার্ক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
১২৪ বার পড়া হয়েছে