রোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমার থেকে বাস্তুহারা হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা যুবকরা রমজানের শুরুতেই এক বিশেষ অভিজ্ঞতা লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা মেসুত ওজিলের সঙ্গে খেলতে পারার সুযোগ পেয়েছেন আশ্রিত রোহিঙ্গা ফুটবলাররা।
মাঠে উপস্থিত প্রায় বিশ হাজার রোহিঙ্গা ফুটবল সমর্থক ওজিলের কারিকুরি প্রাণভরে উপভোগ করেন। মেসুত ওজিল দুই দলের মধ্যকার ম্যাচে ১০ নম্বর জার্সি গায়ে খেলেন এবং তার ডিফেন্স ছেড়া পাস থেকে গোল করে ইন্তিম দলকে বিজয়ী করে তোলেন।
এর আগে সকালেই ঢাকা থেকে একটি বিশেষ বিমানে উখিয়ার কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান নেতৃত্বে ১১ সদস্যের একটি তুর্কি প্রতিনিধি দল। জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাদের স্বাগত জানান।
১৩ সদস্যের প্রতিনিধি দলটি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিলাল এরদোয়ান বলেন, “তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন বিশেষভাবে কন্যাশিক্ষা এবং রোহিঙ্গাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করি ভবিষ্যতে এই প্রচেষ্টা আরও সম্প্রসারিত হবে।” তিনি আরও যোগ করেন, “মেসুত ওজিল পরিবারের সময় থেকে সময় বের করে রোহিঙ্গাদের সঙ্গে তাঁর প্রথম ইফতার করবেন। এটি মুসলমানদের জন্য সহমর্মিতা, আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণের সময়।”
বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের শিক্ষার গুরুত্ব ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করার ওপর জোর দেন। তিনি বলেন, “রোহিঙ্গারা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মৌলিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি, যাতে একদিন তারা সগৌরবে নিজ দেশে ফিরে যেতে পারে।”
তিনি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, “মেসুত ওজিলের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের দৃষ্টি পুনরায় রোহিঙ্গা সংকটের দিকে আনা সম্ভব হবে।”
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মদ মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
দলটি সমন্বয় সভার পর উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। দিনের শেষপর্যায়ে ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতারের মাধ্যমে তাদের সংক্ষিপ্ত সফর শেষ হয়।
১১৯ বার পড়া হয়েছে