সর্বশেষ

জাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশরংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
সারাদেশ

রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর-৪ ও রংপুর-৬ আসনে নির্বাচনী ফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপির দুই প্রার্থীকে পরাজিত করা হয়েছে—এ অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, এনসিপির বিজয়ী প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেছেন, তার দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে।

বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, প্রশাসনের সহায়তায় পরিকল্পিতভাবে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এর প্রতিবাদে রংপুর-৪ আসনের হরাগাছ ও পীরগাছা এবং রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলা সদরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। দফায় দফায় সড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়।

রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজার এলাকায়ও বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সমর্থকরা বিক্ষোভ করেন। তারা দ্রুত ভোট পুনর্গণনার দাবি জানান।

এদিকে রংপুর নগরীর জুলাই চত্বরে রাতের সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, মাইকিং করে তার দলের কর্মীদের খুঁজে বের করে মারধর করা হচ্ছে। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ এনসিপির ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর প্রতিবাদে আন্দোলন করছে। তিনি দাবি করেন, অন্তত ২০টি কেন্দ্রে ধানের শীষে দেওয়া ভোট শাপলা প্রতীকে দেখানো হয়েছে। প্রায় ৮ থেকে ১০ হাজার ভোট বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করলেও দেখা পাননি। জেলা প্রশাসকই ভোট ‘ইঞ্জিনিয়ারিং’-এর মূল হোতা—এমন অভিযোগও তোলেন তিনি।

ভোট পুনর্গণনা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমদাদুল হক ভরসার কান্নার একটি ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনেও একই দাবিতে বিএনপির সমর্থকরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে তারা অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানান।

বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম অভিযোগ করেন, অন্তত ৪০টি কেন্দ্রে জামায়াত প্রার্থী নুরুল আমিন ভোটে কারচুপি করেছেন। ভোট গণনা শেষ হওয়ার আগেই তাকে ২ হাজার ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া ধানের শীষ প্রতীকে দেওয়া ৫ হাজারের বেশি ব্যালট বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পুনর্গণনা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সাইফুল ইসলাম।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ অবস্থায় কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

বেসরকারি ফল অনুযায়ী, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

এদিকে দুই আসনেই উত্তেজনা অব্যাহত থাকায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন