রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুর-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী মাহবুবার রহমানকে মব তৈরি করে হেনস্থা করার অভিযোগ উঠেছে এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের সরেয়ার তেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে দুই এনসিপি কর্মীকে একটি মোটরসাইকেলসহ আটক করে পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনের জাপা প্রার্থী মাহবুবার রহমান ব্যক্তিগত কাজে গাড়িযোগে রংপুর নগরীতে আসছিলেন। এ সময় সরেয়ার তেল বাজার এলাকায় এনসিপির স্টিকার লাগানো মোটরসাইকেলে আসা ১০-১২ জন নেতা-কর্মী তার গাড়ি আটকায়। অভিযোগ অনুযায়ী, তারা গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে প্রার্থীকে ঘিরে ধরে মব তৈরি করে তাকে হেনস্থা করে এবং সঙ্গে থাকা জাপা কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে তাদের চিৎকারে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা এলাকাবাসীর ওপর চড়াও হয়। পরে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলে শাপলা কলি স্টিকার লাগানো একটি মোটরসাইকেলসহ দুই এনসিপি কর্মীকে আটক করে। এ সময় অন্যরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রংপুর-পীরগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুই ব্যক্তিকে তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে জাপা প্রার্থী মাহবুবার রহমান অভিযোগ করে বলেন, “আমি আমার নির্বাচনী এলাকায় নয়, রংপুর নগরীতে ব্যক্তিগত কাজে আসার সময় পরিকল্পিতভাবে আমার গাড়ি আটক করে আমাকে হেনস্থা করা হয়েছে। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।” তিনি এ ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেন।
তবে জনতার হাতে আটক দুই এনসিপি কর্মীর নাম প্রকাশে পুলিশ রাজি হয়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম মঙ্গলবার রাত ১০টার দিকে জানান, ঘটনাস্থলে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট পুরো ঘটনা লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানানোর পরামর্শ দিয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত জাপা প্রার্থীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।
১২০ বার পড়া হয়েছে