গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা জেলা প্রশাসকের বাসভবনের সামনে একটি ককটেল নিক্ষেপ করলে তা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পরিদর্শন করেন। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। সম্প্রতি পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়লেও এখনো সুনির্দিষ্ট কোনো সূত্র উদঘাটন করতে পারেনি তারা।
এর আগে গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া ৩০ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে এবং তারও আগে ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে