সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার জেলা প্রশাসন সকল প্রস্তুতি শেষ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার এই তথ্য জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা।
জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার জানান, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটকক্ষ সাজানো হয়েছে এবং কেন্দ্রের চারপাশ ৪০০ গজের মধ্যে চৌহর্দী নির্মাণ সম্পন্ন হয়েছে।
এছাড়া, সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নির্বাচনী দিনে পুলিশ, সেনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোট কেন্দ্র এলাকায় টহল দিচ্ছেন। বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনে নিষেধাজ্ঞা ও তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মিস আফরোজা আক্তার আরও জানান, আগামীকাল ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারবেন।
১২১ বার পড়া হয়েছে