রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার ভোর ৫টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে।
একই রাতে র্যাব-৫-এর অপর একটি দল পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার।
র্যাব-৫ জানিয়েছে, উদ্ধারকৃত সব আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে র্যাব ধারণা করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে