নির্বাচিত হলে মোংলা বন্দরের প্রাণচাঞ্চল্য ফেরানোর অঙ্গীকার শেখ ফরিদের
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট-০৩ আসন (মোংলা–রামপাল) থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নির্বাচিত হতে পারলে মোংলা বন্দরের হারানো কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মোংলা বন্দরের উন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে শ্রমিকবান্ধব ও পরিবেশবান্ধব জনপদ গড়ে তোলা এবং সুন্দরবনের সুরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার রাতে মোংলা পৌর শহরের ঈদগাহ সংলগ্ন মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমি বেঁচে থাকতে সংখ্যালঘুদের কেউ ক্ষতি করতে পারবে না। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে শান্তি ও উন্নয়নের একটি নিরাপদ জনপদ গড়ে তুলবো।”
নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোটকেন্দ্রে যেন কেউ জাল ব্যালট কিংবা সিল নিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ভোট গ্রহণ শেষে ফলাফল গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করারও আহ্বান জানান তিনি। কোনো অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথাও বলেন।
মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী এ জনসভায় আরও বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।
জনসভা শেষে পৌর শহরের বিভিন্ন সড়কে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
১৫০ বার পড়া হয়েছে