শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেটের পাশে, গাতিপাড়া-দৌলতপুর সড়কের ধারে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া এসব অস্ত্রের আনুমানিক সিজার মূল্য দুই লাখ ১০ হাজার ৪০০ টাকা।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১২৬ বার পড়া হয়েছে