মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। আহতদের একজন গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য নিজের বাড়ি ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয়, বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। আহত কাইয়ুম দেওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান জানান, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। সামাজিক একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। আসরের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে চিহ্নিত নৌ-ডাকাত নয়ন, পিয়াস ও শাহাদাতসহ তাদের সহযোগীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
মাইনুদ্দিন দেওয়ান অভিযোগ করে বলেন, গুয়াগাছিয়ায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য তার ভাই কাইয়ুম দেওয়ান বাড়ি ভাড়া দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, প্রশাসনের গাফিলতির কারণে সন্ত্রাসীরা এলাকায় অবাধে ঘোরাফেরা করছে এবং এমন হামলার সাহস পাচ্ছে।
আহত শরীফ প্রধান অভিযোগ করেন, হামলার সময় পাশেই পুলিশ ক্যাম্প থাকলেও পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি। তিনি বলেন, মসজিদের মাইকে সাহায্যের জন্য ডাক দেওয়া হলেও ডাকাতদের ভয়ে কেউ এগিয়ে আসেনি।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলির মতো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। অপর আহত শরীফ প্রধানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নয়ন-পিয়াস গ্রুপের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার পর তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৪ বার পড়া হয়েছে