রাকসুর জিএস আহতের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় মিন্টু রোডে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হওয়ার ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে কিছু সময়ের জন্য ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ওসমান হাদি হত্যার বিচার এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিলুপ্ত হওয়া এনসিপি রাজশাহী মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান রুমন, অব্যাহতি পাওয়া মহানগর যুবশক্তির যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলা এবং ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রতিনিধিরা। শুক্রবার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়।
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
১০৭ বার পড়া হয়েছে