রাজশাহীতে ওয়াটার পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা পার্কে শিক্ষাসফরে এসে ওয়াটার পুলে নেমে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। তিনি নবম শ্রেণির ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবিদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। আবিদের বাবার নাম আবু হাসিব সোহরাওয়ার্দী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষাসফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা দিনভর পার্কের বিভিন্ন রাইড উপভোগ করে। পরে বিকালে কয়েকজন শিক্ষার্থী ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পুলে ঝাঁপ দেওয়ার মুহূর্তে নাক, বুক ও মাথায় আঘাত পান এবং পানিতে তলিয়ে যান। সহপাঠীদের চিৎকারে শিক্ষক ও পার্ক কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর অবস্থায় আবিদকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, নিহত শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি দুর্ঘটনা নাকি অবহেলার কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। শিক্ষার্থীটির মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
১০৩ বার পড়া হয়েছে