লুটপাটকারীদের কোনো ছাড় নয়: পিরোজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায় পর্যন্ত সরকারি খরচে পড়াশোনার সুযোগ পাবে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে ‘মেগা প্রকল্প’-এর নামে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। স্বৈরাচারী সরকার দেশের প্রায় ২৮ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই অর্থের প্রকৃত মালিক জনগণ। আল্লাহ সুযোগ দিলে আর কাউকে জনগণের সম্পদ লুটপাট করতে দেওয়া হবে না। যারা চুরি ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে জনগণের টাকা আদায় করে আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, যারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় না এবং দেশকে পরাধীন করে রাখতে চায়, তারা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।
তরুণ সমাজকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা কোনো বেকার ভাতা চায়নি; তারা কাজের অধিকার চেয়েছে। যুবসমাজকে আশ্বস্ত করে তিনি বলেন, তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে এবং সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
নারীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, মায়েদের সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। নারীর প্রতি অবমাননা এ জাতি কখনো মেনে নেবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী—সব নাগরিক সমান অধিকার ভোগ করবে, এখানে কোনো বৈষম্য থাকবে না।
আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এটি হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। জামায়াত আমির জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি’—এই চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত ও শোষণহীন রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।
সভা শেষে পিরোজপুর-১ ও ২ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এবং পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীর হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।
১২১ বার পড়া হয়েছে