স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংবিধানের বিধান অনুযায়ী এই দায়িত্ব সিইসির ওপর ন্যস্ত হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্র।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে স্পিকার বা তার মনোনীত কেউ নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ করাতে না পারলে প্রধান নির্বাচন কমিশনারকে এই দায়িত্ব পালন করতে হয়। স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে এবার সেই সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।
১৪৮(২ক) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসিকে শপথ পড়াতে হবে। এছাড়া সংবিধানের তৃতীয় তফসিলে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই কার্যক্রম পরিচালনার বিধানও রয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই সংসদ অধিবেশন কক্ষ ও শপথ কক্ষ সংস্কার কাজ সম্পন্ন করা হবে। নতুন সংসদ সদস্যদের বরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। স্পিকার না থাকলে সিইসিই শপথ পড়াবেন-এটি নিশ্চিত। ইতোমধ্যে সংসদ সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।
সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. শাহদীন মালিক মনে করেন, এ পরিস্থিতিতে সিইসির মাধ্যমে শপথ গ্রহণ পুরোপুরি বৈধ। এতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শপথ না হলে সংসদের কার্যক্রম শুরুতে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সংসদ সচিবালয়ের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফট এমএম ফজলুর রহমান জানান, এখনও চূড়ান্ত নির্দেশনা না এলেও সংবিধানের বাধ্যবাধকতা মাথায় রেখে সব প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সময়মতো শপথ সম্পন্ন করে নতুন সংসদের কার্যক্রম শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নতুন সংসদের যাত্রা শুরু হবে।
১৩৬ বার পড়া হয়েছে