শিবচরে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেতাদের সক্রিয়তা
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের শিবচর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আড়ালে থাকা ও নিষ্ক্রিয় হয়ে পড়া দলটির বেশ কয়েকজন নেতা এবার বিএনপি ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা তার ছোট ভাই, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে মাঠে নেমেছেন। তার সঙ্গে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকর্মী প্রচারণায় অংশ নিচ্ছেন।
অন্যদিকে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের নিয়ে প্রচারণা শুরু করে নতুন চমক সৃষ্টি করেছেন। তিনি সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)-এর বাবার কবর জিয়ারত করেন এবং সদ্য বিদায়ী পৌর মেয়রসহ ডজনখানেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম চালান।
স্থানীয়দের মতে, এসব নেতাদের অনেকেই ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আবারও তারা সক্রিয় হয়ে ওঠায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ও নির্যাতন-জেল-জুলুম সহ্য করা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষও লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ, হঠাৎ করে অন্য দলের নেতাদের সক্রিয় অংশগ্রহণে তারা কোণঠাসা হয়ে পড়ছেন।
সম্প্রতি এক উঠান বৈঠকে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন, 'আমাদের লক্ষ্য সবার আগে শিবচরের উন্নয়ন। আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ঐক্য থাকলে শিবচরকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।'
তিনি আরও বলেন, 'ভবিষ্যতে কারও নামে মিথ্যা মামলা বা হয়রানি হবে না। আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করতে চাই।'
নির্বাচন ঘিরে আওয়ামী লীগ নেতাদের এভাবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরব হওয়ায় শিবচরের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত ও আলোচিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত সমীকরণ নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
১৫৭ বার পড়া হয়েছে