নির্বাচিত হলে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে: লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট-৩ আসনের (মোংলা–রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে এ জনপদের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রতিপক্ষসহ সবার নিরাপত্তার দায়িত্ব তাঁরই বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (রাত ৯টা) মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকায় অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে যারা নির্বাচন করছেন বা ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের নিরাপত্তা দেওয়াও আমার দায়িত্ব। নির্বাচিত হলে এ এলাকার প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক কারণে যারা এলাকা ছাড়া রয়েছেন, তারা নিজ নিজ পরিবারের সঙ্গে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন—এটা আমি নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিচার দেশের আইন অনুযায়ীই হবে, এর ব্যতিক্রম হবে না।
জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, পৌর বিএনপি নেতা মাহমুদ রিয়াদ, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম এবং চাঁদপাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেত্রী আয়েশা আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১০৫ বার পড়া হয়েছে