ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. মামুনুল হক বলেছেন, পেশিশক্তি ও সন্ত্রাসের মাধ্যমে যারা ভোট ছিনতাই করার অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, অতীতের আচরণে যেসব প্রার্থী এখনো সহিংস রাজনীতি ছাড়তে পারেননি, তাদের বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের সমন্বিত সরকারি অফিস ভবনসংলগ্ন সড়কে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, কেউ যদি জাল ভোট বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, ভুয়া ভোট প্রদানের জন্য মৃত ও প্রবাসী ভোটারদের তালিকা তৈরির অপচেষ্টা চলছে। এ বিষয়ে পোলিং এজেন্টদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মৃত ব্যক্তি ভোট দিতে এলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও হুমকি দিয়ে এই অগ্রযাত্রা রুখে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব কার্যক্রম বন্ধে ব্যর্থ হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
১১ দলীয় নির্বাচনী জোট প্রসঙ্গে মামুনুল হক বলেন, এই জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই গঠিত হয়েছে। বৈষম্য, শোষণ ও জুলুমের রাজনীতি থেকে দেশকে মুক্ত করাই এ জোটের লক্ষ্য।
তিনি আরও বলেন, রিকশা মার্কা শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের প্রতীক। রাজনৈতিক অস্থিরতার সময় রিকশাই হয়ে ওঠে সাধারণ মানুষের শেষ ভরসা। তাই সব শ্রেণির মানুষকে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, এদিন শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক মজলিসের সভাপতি মো. সরফত হোসেন, গোপালগঞ্জ-২ আসনের রিকশা মার্কার প্রার্থী মো. শুয়াইব ইবরাহীম এবং গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. আব্দুল আজিজ (মাক্কী)। সভায় ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে