চাঁদপুরে উন্নয়নের জন্য সবাই একসঙ্গে কাজ করবে: প্রার্থীদের সঙ্গে নাগরিকের মুখোমুখি সংলাপ
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর-৩ আসনের নির্বাচনী প্রার্থীদের সাথে নাগরিকদের সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরে। শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে রবিবার বিকেল ৩টায় সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির শিরোনাম ছিল "নাগরিকের মুখোমুখি"।
উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী পাঁচ জন সংসদ সদস্য প্রার্থী। এঁরা হলেন, শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি, ধানের শীষ), এড. মো: শাহজাহান মিয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা), এ. এইচ. এম. আহসান উল্লাহ (ইসলামী ফ্রন্ট, মোমবাতি), মো: জাকির হোসেন (গণঅধিকার পরিষদ, ট্রাক) এবং কমরেড জাহাঙ্গীর হোসেন (কমিউনিস্ট পার্টি, কাস্তে)।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের দলীয় অবস্থান, নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। নির্বাচিত হলে তারা কীভাবে সংসদে কাজ করবেন, তা নিয়েও আলোচনা হয়।
জনতার সরাসরি প্রশ্নের সুযোগ থাকায় সাধারণ ভোটাররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে যেমন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন, নদীমাতৃক চাঁদপুরের সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন, সংকটের সমাধান ইত্যাদি বিষয় উঠে আসে প্রশ্নোত্তর পর্বে।
প্রার্থীরা তাঁদের অভিমত ব্যক্ত করেন যে, চাঁদপুরের মৌলিক চাহিদা পূরণে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারা বলেন, ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে কাজ করবেন। নদীকে অভিশাপ নয়, বরং উন্নয়নের মূলধন হিসেবে ব্যবহার করে চাঁদপুরের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও, চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার ভোগান্তি কমানোর জন্য কার্যকর উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। মহাসড়ক চারলেন, রেললাইন চালু, নদীবন্দর উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের জন্য কাজ করার আশ্বাসও দেন তারা।
জনগণের প্রত্যাশা নিয়ে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্য রাখেন। তিনি রেলপথ মেরামত, মহাসড়ক উন্নয়ন, নদীবন্দর ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সুজন জেলা কমিটির সহ-সভাপতি আলম পলাশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।
"অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই"— এই মূল বার্তাকে কেন্দ্র করে আয়োজিত এই সভার প্রতিপাদ্য ছিল, "আমার ভোট আমি দেব, জেনে-বুঝে দেব, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে দেব।"
অতিথিদের মাঝে সমন্বয়কারী হিসেবে ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, আর সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন।
এই ব্যতিক্রমী আয়োজনের সংগঠন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক রহিম বাদশা।
১২৩ বার পড়া হয়েছে